গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আজ শনিবার মন্তব্য করেছেন, গুমের প্রতিটি ঘটনার সত্য উদঘাটন এবং দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য অপরিহার্য।
রিজভী বলেন, আগামী ৩০ আগস্ট দিবসটি পালিত হবে। তিনি বিশ্বের সব গুমের শিকার ব্যক্তি, তাদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সহমর্মিতা ও সংহতি জানান। তিনি বাংলাদেশের বিগত বছরগুলোতে রাষ্ট্রীয় নিপীড়ন ও কর্তৃত্ববাদী শাসনের সময়ে গুমের শিকার প্রত্যেক ব্যক্তিকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তিনি আরও বলেন, গুম শুধু একজন মানুষকে বিচ্ছিন্ন করে দেওয়া নয়; এটি মানুষের স্বাধীনতা, মর্যাদা ও জীবনের অধিকারের ওপর আঘাত। দীর্ঘদিন ধরে প্রিয়জনের ফিরে আসার অপেক্ষা এবং সত্য জানার অধিকার থেকে বঞ্চিত হওয়ার যন্ত্রণা কোনো পরিবারের জন্য সহ্য করা উচিত নয়।
রিজভী গুমের প্রতিটি ঘটনার সত্য উদঘাটন এবং নিরপেক্ষ তদন্তের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিএনপি এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে রাষ্ট্রের কোনো সংস্থা নাগরিকের বিরুদ্ধে গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবে না।
বাণীর শেষে তিনি গুমের শিকার সব ব্যক্তি ও তাদের পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা, সহমর্মিতা ও সংহতি জানান এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
























