জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীদের কবলে পড়ে একজন শিক্ষিকার মৃত্যু ঘটেছে। এ ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
আজ শনিবার তিনি এক প্রতিবাদ বিবৃতিতে এই উদ্বেগের কথা জানান। সেলিম উদ্দিন বলেন, সংসদ ভবনের মতো নিরাপত্তাবেষ্টিত এলাকায় ছিনতাইকারীদের দৌরাত্ম্য চলতে পারে, এটি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ইঙ্গিত দেয়। তিনি প্রশ্ন তোলেন, যেখানে একজন শিক্ষিকাও ছিনতাইকারীর হাতে প্রাণ হারান, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?
তিনি আরও বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর আশপাশে নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে সাধারণ মানুষ কোথায় নিরাপদ থাকবে? রাজধানীর ব্যস্ত এলাকায় ছিনতাইকারীদের কর্মকাণ্ড জননিরাপত্তার জন্য উদ্বেগজনক।
সেলিম উদ্দিন নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাষ্ট্রের দায়িত্বের কথা উল্লেখ করেন এবং চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
বিবৃতিতে তিনি নিহত শিক্ষিকার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।






















