জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব এসএম শাহরিয়ারের বিরুদ্ধে অসদাচরণ ও পীর ইয়ামেনী হোটেলে প্রায় ১২ লাখ টাকা ভাড়া বাকি রাখার অভিযোগের প্রমাণ না মেলায় তার বিরুদ্ধে সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার আদেশ প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার দলটি এ তথ্য জানিয়েছে।
দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ৩ জুলাই কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির পক্ষ থেকে শাহরিয়ারের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছিল। সেইসাথে তার সাংগঠনিক কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল।
চিঠিতে বলা হয়েছে, শাহরিয়ারের লিখিত জবাব এবং অভিযোগের প্রাপ্ত তথ্য-উপাত্ত পর্যালোচনা করে দেখা গেছে যে, হোটেলের ভাড়া সংক্রান্ত অভিযোগের পক্ষে পর্যাপ্ত ও গ্রহণযোগ্য প্রমাণ পাওয়া যায়নি এবং অভিযোগ প্রমাণিত হয়নি।
এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে শাহরিয়ারের বিরুদ্ধে জারিকৃত কারণ দর্শানোর নোটিশ এবং সাংগঠনিক কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা প্রত্যাহার করা হয়েছে।
গত জুলাই মাসের শুরুতে হোটেল ইয়ামেনী ইন্টারন্যাশনাল লিমিটেডের হিসাব বিভাগের প্রধান মোহাম্মদ কাজল এনসিপির শীর্ষ নেতৃত্বের কাছে লিখিত অভিযোগে জানান, দলের কয়েকজন নেতা দীর্ঘ আট মাস ধরে দুটি রুম বুক করে অবস্থান করেন এবং ১১ লাখ ৮৩ হাজার ২০০ টাকা বিল বকেয়া রাখেন।
























