সিরাজগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নয় দিনের ব্যবধানে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) দুই নেতার মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন ১৫ জুলাই এবং অপরজন ২৩ জুলাই মারা যান।
মৃত ব্যক্তিরা হলেন শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম লিটন (৪৭) এবং সদর উপজেলার রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বাবলু মণ্ডল (৫২)।
কারাগার সূত্রে জানা যায়, আমিনুল ইসলাম লিটন একটি মারামারি ও বিস্ফোরক মামলায় অভিযুক্ত হয়ে গত ৫ জুলাই জেলা কারাগারে আসেন। ১৫ জুলাই সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অপরদিকে, বাবলু মণ্ডল ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের হওয়া একটি মারামারি ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হয়ে গত ২২ জুন কারাগারে আসেন। ২২ জুলাই রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ২৩ জুলাই বেলা পৌনে ১১টার দিকে তার মৃত্যু হয়।
সিরাজগঞ্জ জেলা কারাগারের জেল সুপার রফিকুল ইসলাম জানান, দুই কারাবন্দির মৃত্যুর পর প্রচলিত আইন অনুযায়ী ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে এবং মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


























