রাজশাহী নগরের গৌরহাঙ্গা এলাকায় চোর সন্দেহে দুই তরুণকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নির্যাতনের সময় বাধা দিতে গিয়ে এক ব্যক্তি আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আটক করে।
নির্যাতনের শিকার তরুণরা হলেন বোয়ালিয়া থানার জোলাপাড়া লাইনপাড়া এলাকার মো. মিজান (২৫) ও ষষ্ঠীতলা এলাকার তন্ময় তেওয়ারী (২৫)। অভিযোগ রয়েছে, মাসুদ স্টিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক মাসুদ রানা তাদের গাছে বেঁধে মারধর করেন। আহত মাসুদ রানা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
মাসুদ রানার স্ত্রী শ্যামলী খাতুন শুক্রবার বোয়ালিয়া থানায় চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় নির্যাতনের শিকার দুই তরুণ ছাড়াও আল-আমিন ওরফে রিমন (২২) এবং শুভ (২৩)-কে আসামি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাসুদ রানার ওয়ার্কশপ থেকে প্রায়ই লোহার বিভিন্ন সরঞ্জাম চুরি হতো। বৃহস্পতিবার রাতে দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় মাসুদ তন্ময়কে আটক করেন এবং পরে মিজানকে ধরে এনে দুজনকে গাছে বেঁধে মারধর করেন।
এ সময় আল-আমিন ও শুভ ওই নির্যাতনের প্রতিবাদ করলে মাসুদ রানার সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রিমন ধারালো অস্ত্র দিয়ে মাসুদ রানার পিঠে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিমন ও তন্ময়কে আটক করে।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মোস্তারি জানান, “গাছে বেঁধে নির্যাতনের বিষয়টি আমাদের জানা নেই। ছুরিকাঘাতের ঘটনায় দুজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে এবং মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


























