প্রধানমন্ত্রী তারেক রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রতি দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রাষ্ট্রের দায়িত্বে থাকা প্রত্যেকের জন্য মানুষের সেবা করার সুযোগটি একটি বড় আমানত।
শনিবার (৮ আগস্ট) বিকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইউএনওদের উদ্দেশে আয়োজিত সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সভার মূল উদ্দেশ্য ছিল খাল খনন প্রকল্পের কাজ সততার সঙ্গে সম্পন্ন করে উদ্বৃত্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়ার জন্য ৮৩টি উপজেলার ইউএনওকে প্রশংসা ও ধন্যবাদ জানানো।
প্রধানমন্ত্রী মাঠ প্রশাসনের কর্মকর্তাদের জনগণ ও সরকারের সেতুবন্ধন হিসেবে উল্লেখ করে বলেন, আমাদের সবাইকে মিলে পরবর্তী প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ রেখে যাওয়ার চেষ্টা করতে হবে। তিনি ইউএনওদের নিজ নিজ এলাকায় জনসচেতনতা তৈরিতে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
সভায় ইউএনওরা খাল খনন কার্যক্রমের সফলতার চিত্র তুলে ধরেন। তারা জানান, খাল খননের ফলে কিছু এলাকায় তিন ফসল উৎপাদন হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, খাল খননের মূল উদ্দেশ্য হচ্ছে নদীমাতৃক বাংলাদেশের চিত্র ফিরিয়ে আনা এবং সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে।
সভায় প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা, জনপ্রশাসন প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




















