বাংলাদেশ ও ভারতের বাণিজ্য সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে ডিজিটাল ট্রান্সফরমেশন এবং অবকাঠামো বিনিয়োগ নিয়ে দুটি যৌথ ব্যবসায়িক টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)। এ প্রস্তাবের পাশাপাশি বেনাপোলসহ স্থলবন্দরগুলোতে পণ্য হ্যান্ডলিং দ্রুত ও দক্ষ করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।
আজ মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে সিআইআই প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, ভারতীয় প্রতিষ্ঠানগুলো স্থলবন্দর দিয়ে কাঁচামাল ও পণ্য পরিবহনে কিছু সমস্যার কথা বৈঠকে উল্লেখ করেছে। বিশেষ করে বেনাপোল স্থলবন্দরে পণ্য হ্যান্ডলিং ও খালাসের কার্যক্রম আরও দক্ষ করা গেলে সীমান্তে পণ্য চলাচল দ্রুত হবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, স্থলবন্দরের সক্ষমতা বাড়ানো দুই দেশের বাণিজ্য সম্প্রসারণের জন্য গুরুত্বপূর্ণ। সময় ও ব্যয় কমানো গেলে ব্যবসায়ীরা আরও বেশি বাণিজ্যে আগ্রহী হবেন।
বৈঠকে ভারতীয় ব্যবসায়ীরা দুটি বিজনেস-টু-বিজনেস টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছেন। একটি টাস্কফোর্স বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে ভারতের অভিজ্ঞতা কাজে লাগাবে, অন্যটি অবকাঠামো খাতে ভারতীয় বিনিয়োগ ও অর্থায়নের সুযোগ নিয়ে কাজ করবে।
বাণিজ্যমন্ত্রী জানান, প্রস্তাবিত টাস্কফোর্স গঠনের বিষয়ে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআইয়ের সঙ্গেও আলোচনা করা হবে। তিনি বলেন, বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করতে বড় ধরনের অবকাঠামো বিনিয়োগ প্রয়োজন।


























