জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে (জাবি) দেশের প্রথম প্লাস্টিকমুক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যদি শুরু করতে পারে, তাহলে সরকার ঘোষণা দিতে পারে যে এটি প্রথম বিশ্ববিদ্যালয়, যা প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস ঘোষণা করছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকালে জাবির সিনেট ভবনে ‘সাসটেইনেবল প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস ইন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি’ শীর্ষক টেকসই প্লাস্টিক ও বর্জ্য ব্যবস্থাপনা ক্যাম্পেইনের মূল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সেমিনারটি পরিবেশ অধিদপ্তরের অধীনে বাস্তবায়িত একটি প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ কামরুল আহসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন, পরিবেশ অধিদপ্তরের প্রকল্প পরিচালক ড. আবদুল্লাহ আল মামুন, ইউনিডো’র বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আলমগীর হোসাইন, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, প্লাস্টিক দূষণের চ্যালেঞ্জ মোকাবিলা করতে শুধু সরকারি উদ্যোগ ও আইন প্রয়োগ যথেষ্ট নয়। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমিয়ে ধীরে ধীরে তা বন্ধ করতে হবে। তিনি বলেন, “শুধু ঘোষণা দিলেই হবে না; বাস্তবায়নের দায়িত্ব প্রতিষ্ঠান, সংগঠন ও নাগরিকদের নিতে হবে।”
উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ কামরুল আহসান বলেন, পরিচ্ছন্ন ও প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস গড়তে সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
ইউনিডো’র কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আলমগীর হোসাইন বলেন, প্লাস্টিক উৎপাদন ও ব্যবহারের পরিবেশগত প্রভাব মোকাবিলার পাশাপাশি টেকসই শিল্প উন্নয়নে বাংলাদেশকে সহায়তা করার জন্য ইউনিডো অঙ্গীকারবদ্ধ। তিনি বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্ভাবনী সমাধান প্রদর্শন এবং জনগণের আচরণগত পরিবর্তনে ভূমিকা রাখার আহ্বান জানান।


























