পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউএ)-এর একটি ঐতিহাসিক কারিগরি প্রশিক্ষণকেন্দ্র দখল করেছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার সকালে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কালান্দিয়া প্রশিক্ষণকেন্দ্রে প্রবেশ করে তারা।
ইউএনআরডব্লিউএ সূত্রে জানা যায়, অন্তত চারটি সাঁজোয়া যান এবং অর্ধশতাধিক সশস্ত্র ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা আকস্মিকভাবে ওই কেন্দ্রে প্রবেশ করে। ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভির সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, ‘ইউএনআরডব্লিউএ এখন আমাদের দখলে।’
কালান্দিয়া প্রশিক্ষণকেন্দ্রটি ফিলিস্তিনি শরণার্থীদের জন্য ইউএনআরডব্লিউএ-র প্রতিষ্ঠিত সবচেয়ে পুরোনো কারিগরি শিক্ষাকেন্দ্র, যা জাতিসংঘের সংরক্ষিত স্থাপনা হিসেবে স্বীকৃত। সংস্থাটি এই সশস্ত্র অনুপ্রবেশের তীব্র প্রতিবাদ জানিয়েছে।
পশ্চিম তীরে জাতিসংঘের এই সংস্থার পরিচালক রোল্যান্ড ফ্রিডরিখ ইসরায়েলি বাহিনীর পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন হিসেবে চিহ্নিত করেছেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পূর্ব জেরুজালেমে জাতিসংঘ স্থাপনার অখণ্ডতা রক্ষা করার আহ্বান জানিয়েছেন।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এই ঘটনার কঠোর নিন্দা জানিয়েছে। তারা বলেছে, জাতিসংঘের প্রশিক্ষণকেন্দ্রে এমন অভিযান ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে পরিকল্পিত আগ্রাসনের অংশ। সংগঠনটি ইসরায়েলের এই পদক্ষেপ বন্ধে জাতিসংঘসহ বৈশ্বিক শক্তিগুলোর কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে।


























