জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (ইউএনসিটিএডি) বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগকে উন্নয়নশীল দেশগুলোর জন্য অনুসরণযোগ্য উদাহরণ হিসেবে উল্লেখ করেছে। বুধবার (২ সেপ্টেম্বর) জেনেভায় অনুষ্ঠিত ইউএনসিটিএডির বিনিয়োগ, উদ্যোগ ও উন্নয়ন কমিশনের ১৬তম অধিবেশনে এ স্বীকৃতি দেওয়া হয়।
অধিবেশনে বৈশ্বিক অর্থনীতি, সরবরাহব্যবস্থা ও বিনিয়োগ প্রবাহে পরিবর্তনের প্রেক্ষাপটে উন্নয়নশীল দেশগুলো কীভাবে তাদের বিনিয়োগ নীতি নতুন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য করছে, তা নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ ও তিউনিসিয়াকে সফল উদাহরণ হিসেবে উপস্থাপন করা হয়।
ইনভেস্ট বাংলাদেশের নির্বাহী সদস্য নাহিয়ান রহমান রোচি বলেন, ‘বিনিয়োগ পরিবেশ উন্নত করতে হলে বাস্তব সমস্যাগুলোর সমাধান করতে হয়।’ তিনি নিরাপত্তা ছাড়পত্র দ্রুত দেওয়া, বৈদেশিক অর্থায়ন সহজ করা এবং ডিজিটাল সেবা সম্প্রসারণের মতো বিষয়গুলোকে গুরুত্ব দেন।
ইউএনসিটিএডির রিপোর্ট অনুযায়ী, ২০১৩ সালে প্রকাশিত বাংলাদেশের প্রথম ইনভেস্টমেন্ট পলিসি রিভিউ-এর সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি মূল্যায়ন করা হয়েছে। এতে নিয়ন্ত্রক প্রক্রিয়া ও বিনিয়োগ উন্নয়ন সক্ষমতায় বাংলাদেশের অগ্রগতির কথা উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) ৩৯ দশমিক ৩৬ শতাংশ বেড়ে ১ দশমিক ৭৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে। ইউএনসিটিএডি বলছে, বৈদেশিক মুদ্রা-সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করা পদক্ষেপ বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসার পরিবেশ সহজ করেছে।


























