ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদির বক্তব্যের জবাবে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ইরান ও আরব দেশগুলোর সার্বভৌমত্বকে সম্মান করছে না। খবরটি প্রকাশ করেছে আল জাজিরা।
আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে প্রশ্ন তোলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি থেকে হামলার জবাব দিতে ইরানকে কতক্ষণ অপেক্ষা করতে হবে। এর আগে সাফাদি বলেছিলেন, মার্কিন হামলার পর ইরানের পাল্টা হামলাকে নিছক প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে দেখা উচিত নয়, বরং এটি পূর্ব পরিকল্পিত নীতির অংশ।
আরাগচি সাফাদির বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, ‘যে আগ্রাসী আরব ও ইরানের সার্বভৌমত্বকে সম্মান করে না, তার বিরুদ্ধে জবাব দেওয়ার আগে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীর মতে ইরানকে কতক্ষণ অপেক্ষা করা উচিত?’
তিনি আরও প্রশ্ন করেন, ‘প্রথম দফার মার্কিন হামলায় নিরীহ ইরানিদের হত্যার ঘটনায় আরব দেশগুলোর আকাশসীমা, স্থলভূমি ও জলসীমা ব্যবহার করা হয়েছিল, এ বিষয়টি কি তিনি সত্যিই জানেন না?’
এদিকে, ইরানে গত কয়েক দিনের মার্কিন বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত এবং ১৪২ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কারমানপুর। তিনি জানান, ৩০ আগস্ট সন্ধ্যা থেকে ২ সেপ্টেম্বর সন্ধ্যার মধ্যে এসব হতাহতের ঘটনা ঘটে।


























