থাইল্যান্ডের লায়েম চাবাং বন্দরে নোঙর করেছে মার্কিন বিমানবাহী রণতরি ‘ইউএসএস আব্রাহাম লিংকন’। প্রায় ১ হাজার ১০০ ফুট দীর্ঘ এই যুদ্ধজাহাজটির বাইরের কাঠামোয় মরিচার দাগ দেখে বিস্মিত হয়েছেন পর্যবেক্ষকেরা। বিশেষজ্ঞরা জানিয়েছেন, দীর্ঘ সময় সাগরে সক্রিয় থাকার কারণে এমন অবস্থা অস্বাভাবিক নয়।
মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী, গত নভেম্বরে সান ডিয়েগো ঘাঁটি ছাড়ার পর টানা ২৮৬ দিন সাগরে কাটিয়েছে আব্রাহাম লিংকন। এই সময়ের মধ্যে রণতরিটি মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ও নৌ অবরোধে অংশ নেয়। সাবেক ক্যাপ্টেন কার্ল শুস্টার জানান, ৬০ দিন বা তার বেশি সময় সাগরে থাকলে জলরেখায় মরিচা পড়া স্বাভাবিক।
শুস্টার সিএনএনকে বলেন, যুদ্ধের পরিস্থিতিতে মরিচা পরিষ্কার করা সম্ভব হয় না। জলরেখা পর্যন্ত নামতে হয় এবং মরিচা পরিষ্কার করতে অন্তত ৩০ দিনের সংস্কারকাজ প্রয়োজন হতে পারে। তবে জরুরি কাজগুলো থাইল্যান্ডে যাত্রাবিরতির সময় সম্পন্ন করা সম্ভব বলে মনে করেন তিনি।
রণতরিটি বুধবার ব্যাংককের দক্ষিণে থাইল্যান্ড উপসাগরের লায়েম চাবাং বন্দরে ভিড়েছে। সেখানে কয়েক দিন অবস্থান করার কথা রয়েছে। শুস্টার জানান, জরুরি কাজগুলোতে গুরুত্ব দেওয়া হবে, বিশেষ করে জাহাজের সামনের অংশের মরিচা পরিষ্কার করা হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রণতরিটির বর্তমান অবস্থা নিয়ে মন্তব্য করেননি। তবে তিনি যুদ্ধজাহাজ পরিচ্ছন্ন রাখার বিষয়ে নৌবাহিনীকে একাধিকবার তাগিদ দিয়েছেন। সাবেক কর্মকর্তা শুস্টার জানান, নাবিকদের কাছে মরিচা পরিষ্কারের কাজ জনপ্রিয় নয় এবং এটি নাবিকদের অপছন্দের কাজগুলোর একটি।























