ভেনেজুয়েলায় নির্বাচনের জন্য প্রস্তুতি এখনও সম্পন্ন হয়নি এবং এ জন্য আরও কিছু সময় প্রয়োজন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্থানীয় সময় বুধবার (০২ সেপ্টেম্বর) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।
বার্তাসংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ওয়াশিংটন কেন কারাকাসকে নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে চাপ দিচ্ছে না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় না তারা এখনও প্রস্তুত। জানেনই তো, বিষয়টি একেবারেই নতুন।’
ট্রাম্প আরও বলেন, ‘আমরা তাদের একটি স্বৈরশাসন থেকে বের করে এনেছি এবং সরকারের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছে। ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেস খুব, খুব ভালো কাজ করছেন এবং তিনি খুবই সম্মানিত মানুষ।’
নির্বাচনের প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘ডেলসি এটা চান, কিন্তু তারা এখনও প্রস্তুত নয়’। তিনি আশা প্রকাশ করেন যে শিগগিরই নির্বাচনের আয়োজন করা হবে।























