জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শ্রী কৃষ্ণ দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য এসেছিলেন। তিনি ন্যায় ও গণতান্ত্রিক প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে শহরের বঙ্গোজ্জল মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার পূর্বে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
দুলু বলেন, শ্রী কৃষ্ণ পৃথিবী থেকে অনিষ্ট দূর করার জন্য কাজ করেছেন। দুষ্টের দমন ও সৃষ্টের লালন করতে তিনি দুনিয়ায় এসেছিলেন। একইভাবে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশে শান্তি, গণতন্ত্র ও ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করছে।
তিনি আরও বলেন, দেশে আওয়ামী লীগের সময় সনাতন ধর্মের মানুষ সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। বিএনপি সব ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে এবং বিএনপির আমলে কোনো ধর্মের মানুষকে নির্যাতিত হতে দেওয়া হবে না।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রফেসর শেখর কুমার স্যানাল, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম ও এমদাদুল হক আল মামুন।
পরে বঙ্গোজ্জ্বল মন্দির থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার মন্দির চত্বরে এসে শেষ হয়।





















