নগদ লিমিটেড এবং আইএফআইসি ব্যাংকের মধ্যে ডিজিটাল সঞ্চয় ও ঋণসেবা চালুর সম্ভাবনা যাচাইয়ের জন্য একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকার পুরানা পল্টনে আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তিতে আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মনিতুর রহমান, চিফ অফ ব্রাঞ্চ বিজনেস হেলাল আহমেদ এবং নগদ লিমিটেড-এর চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শহীন সারওয়ার ভূইয়া স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমঝোতাস্মারক অনুযায়ী, নগদের গ্রাহক ও এজেন্টদের জন্য নগদ অ্যাপ ও এজেন্ট অ্যাপের মাধ্যমে আইএফআইসি ব্যাংকের ডিপোজিট পেনশন স্কিম ও ফিক্সড ডিপোজিট হিসাব খোলার সুযোগ চালুর সম্ভাব্যতা যাচাই করা হবে।
এছাড়া, নগদ অ্যাপের মাধ্যমে যোগ্য গ্রাহকদের আইএফআইসি ব্যাংকের বিভিন্ন ঋণপণ্য ও ডিজিটাল ঋণ দেওয়ার সম্ভাবনাও যাচাই করা হবে। নগদের এজেন্ট, ডিস্ট্রিবিউটর ও মার্চেন্টদের জন্য আইএফআইসি ব্যাংকের ঋণসুবিধা কাজে লাগিয়ে অর্থায়নসুবিধা দেওয়ার বিষয়টিও সম্ভাব্য সহযোগিতার আওতায় রয়েছে।
আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা বলেন, এই অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের লাখো গ্রাহকের কাছে সঞ্চয় ও ঋণসেবাগুলো আরও সহজে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি জোরদার হবে। নগদের বিস্তৃত ডিজিটাল নেটওয়ার্কের সঙ্গে ব্যাংকিং সক্ষমতা কাজে লাগিয়ে নতুন সুযোগ খুঁজে দেখা হবে।
নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ জানান, সারাদেশে নগদের তিন লাখের ওপর উদ্যোক্তা নেটওয়ার্ক রয়েছে, যা ব্যাংকিং সেবা ছড়িয়ে দিতে কার্যকরভাবে সহায়তা করবে। এই সমঝোতা স্মারক সইয়ের ফলে গ্রাহক ও এজেন্টদের জন্য আরও বিস্তৃত আর্থিক সেবার সুযোগ তৈরির সম্ভাবনা রয়েছে।


























