বরিশালের মুলাদী উপজেলায় শেখ মুজিবুর রহমানের জন্মদিনে কেক কাটার ঘটনায় করা মামলায় যুবলীগের তিন নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বরিশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানো নেতাদের মধ্যে রয়েছেন মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলামিন শিকদার, জাকির হাওলাদার ও আরিফ হাওলাদার।
মামলা সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ নাজিরপুর ইউনিয়নের একটি জায়গায় কেক কেটে শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করেন নিষিদ্ধ যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। ওই ঘটনায় রাতেই পুলিশ বাদী হয়ে মুলাদী থানায় একটি মামলা করে।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা জানান, কেক কাটার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছিল। ওই মামলার বেশিরভাগ আসামি পলাতক রয়েছেন। আজ আদালত আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে।


























