ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখানে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বোরহানউদ্দিনে বিদ্যুৎস্পৃষ্ট বাবাকে বাঁচাতে গিয়ে দুই ছেলে প্রাণ হারান। অন্যদিকে, দৌলতখানে রাস্তার পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বোরহানউদ্দিনে মারা যাওয়া দুই ভাই হলেন আব্দুর রহিম (৪০) ও মো. রাকিব (৩০)। তারা তজুমদ্দিন উপজেলার সম্ভুপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শিবপুর এলাকার বাসিন্দা। তাঁদের বাবার নাম মো. আলম বক্তার। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে আলম বক্তার একটি বাগানে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। বাবাকে বাঁচাতে গিয়ে দুই ছেলে বিদ্যুতের সংস্পর্শে আসেন এবং ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাব আলী জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হবে।
এদিকে, দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মিয়ার হাট-নইমুদ্দিন বাজার সড়কের পাশ থেকে বৃহস্পতিবার ভোরে রাকিব (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার আজগর বাড়ির নুর নবীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, মুসল্লিরা মরদেহটি পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, মরদেহের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।


























