চট্টগ্রামের খাতুনগঞ্জে একটি গোডাউনে ১৬০ থেকে ১৭০ টন এলাচ মজুদ করার অভিযোগে হোসেন কর্পোরেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালিত অভিযানে এ তথ্য উঠে আসে।
অভিযানে দেখা যায়, হোসেন কর্পোরেশন ২০২৫ সালের নভেম্বরে ১৫ টন এলাচ মজুদ করে, যার মধ্যে মাত্র আধা টন বিক্রি হয়েছে। অবশিষ্ট সাড়ে ১৪ টন এলাচ দীর্ঘদিন ধরে মজুদ রয়েছে এবং এর মেয়াদ শেষ হওয়ার সময় ঘনিয়ে এসেছে। অধিদপ্তরের ভাষ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি এভাবে পণ্য আটকে রেখে বাজারে কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধির চেষ্টা করেছে।
অন্যদিকে, একই গোডাউনে প্রাইম ট্রেডিংয়ের ৩০ টন এলাচ বিক্রির রশিদ থাকলেও পণ্য সরবরাহ করা হয়নি। প্রতিষ্ঠানটি গত দুই মাসে ধাপে ধাপে ৪৭ টন এলাচ মজুদ করেছে। বিক্রয় রশিদ যাচাইয়ে বিভিন্ন ধাপে দাম বাড়ানোর তথ্যও পাওয়া গেছে।
অধিদপ্তর প্রাইম ট্রেডিংকে আগামী রোববার প্রয়োজনীয় রেকর্ডসহ হাজির হয়ে বক্তব্য দিতে বলেছে। প্রতিষ্ঠানটির বক্তব্য ও নথিপত্র পর্যালোচনার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
অভিযানকালে ব্যবসায়ীদের অযৌক্তিক মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি ও পণ্য সরবরাহে প্রতিবন্ধকতা থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়। অধিদপ্তর জানিয়েছে, বাজারে ন্যায্যমূল্য ও পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে তদারকি অব্যাহত থাকবে।


























