সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের চেষ্টার অভিযোগে সংগঠনটির দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরের পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, সুনামগঞ্জের ছাতক থানার দিঘলী রামপুর গ্রামের আব্দুস শহীদের ছেলে রবিউল ইসলাম হৃদয় এবং ময়মনসিংহের ধোবাউড়া থানার কামালপুর এলাকার মো. আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. সোহেল আহমদ (২০)। সোহেল নগরের জল্লারপাড় এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট নগরের পূর্ব জিন্দাবাজারের বারুতখানা পয়েন্ট থেকে জেল রোড পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিলের চেষ্টা করেন। এ ঘটনায় ৩০ আগস্ট কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়।
মামলার তদন্তে সিসিটিভি ক্যামেরার ফুটেজ, বিভিন্ন ভিডিও ফুটেজসহ অন্যান্য তথ্য যাচাই করে সোহেল আহমদ ও রবিউল ইসলাম হৃদয়ের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। এরপর গত ৪ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে নগরের জল্লারপাড় এলাকায় অভিযান চালিয়ে সোহেল আহমদকে গ্রেপ্তার করা হয়। পরে রবিবার (৬ সেপ্টেম্বর) নগরের আখালিয়ার নেহারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে রবিউল ইসলাম হৃদয়কে গ্রেপ্তার করে পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ওসি খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের চেষ্টার অভিযোগে ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

























