নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে দুইজন ইউপি সদস্যসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলমের নেতৃত্বে একটি দল মাদক উদ্ধার ও বিশেষ অভিযান চালাচ্ছিল।
পুলিশ জানায়, বুধবার ভোররাত পৌনে ৪টার দিকে সাহিতপুর বাজারে অবস্থানকালে তারা গোপন সংবাদ পান গন্ডা বাজারে মোস্তফা নামের এক ব্যক্তির দোকানঘরে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলা হচ্ছে। পরে থানার ওসির নির্দেশে পুলিশ ভোর সোয়া ৪টার দিকে সেখানে পৌঁছায়।
গ্রেপ্তাররা হলেন, ইউপি সদস্য হাফিজুর রহমান ওরফে খোকন মেম্বার (৬০), খুররম মিয়া (৫০), চান্দু মিয়া (৪৫), ইউপি সদস্য আলী ওসমান (৪২), সোহাগ (৪৫) এবং মজিবুর রহমান (৬০)। পুলিশ জানায়, আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার কথা স্বীকার করেছে।
কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পাঠানো হয়েছিল। জুয়ার আসর থেকে সরঞ্জামসহ তাদের আটক করা হয়েছে। জুয়া আইনে মামলা নেওয়া হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।

























