নাটোরের সিংড়া থানার চৌগ্রাম এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই গরু চোর কচুরিপানার নিচে ৯ ঘণ্টা লুকিয়ে ছিল। বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে এলাকাবাসী তাদের আটক করে পুলিশে দেয়।
আটককৃতরা হলেন ময়মনসিংহ জেলার নান্দাইল থানার বেতাকুড়-আতারামপুর এলাকার কুদরত আলীর ছেলে হাবিবুর রহমান (৪২) এবং জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার মইপুর গোপালপুর এলাকার মোস্তাকের ছেলে ফেরদৌস (২৬)। সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা জানান, তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা হবে।
গত ১০ জুলাই রানীনগর থানায় গরুচুরির একটি মামলা হয়। ওই মামলায় আসামি হিসেবে নওগাঁর আত্রাই থানার কাশিয়াড়ী এলাকার আসলাম দেওয়ান (৪৩) আটক হন। তার দেওয়া তথ্যে বুধবার ভোর ৫টার দিকে সিংড়া চৌগ্রাম এলাকায় পুলিশ চেকপোস্ট বসায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে চোর চক্রের সদস্যরা পালানোর চেষ্টা করে। এ সময় দুই চোর রাস্তার পাশে কচুরিপানাপূর্ণ খালে ঝাঁপ দিয়ে লুকিয়ে যায়। স্থানীয় যুবক হাসান জানান, এলাকাবাসী খাল ঘিরে রাখায় তারা বের হয়ে আসতে বাধ্য হয়।
ঘটনাস্থলে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত জানান, আটক দুইজনকে প্রশাসনের হেফাজতে নেওয়া হয়েছে এবং পরে থানার পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।


























