এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নাম ব্যবহার করে ভুয়া ঋণের প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা সম্পর্কে জনসাধারণকে সতর্ক করেছে সংস্থাটি।
সোমবার (২০ জুলাই) প্রকাশিত এক সতর্কবার্তায় এডিবি জানায়, প্রতিষ্ঠানটি কখনোই কোনো ব্যক্তিকে সরাসরি ঋণ বা আর্থিক সহায়তা প্রদান করে না। তারা ব্যক্তিগত তথ্য বা ব্যাংক হিসাবের তথ্য চাওয়ার পাশাপাশি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ জমা দেওয়ার জন্যও অনুরোধ করে না।
এডিবির তথ্য অনুযায়ী, সম্প্রতি প্রতারক চক্র সংস্থাটির নাম, লোগো ও কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে নকল ওয়েবসাইট এবং ভুয়া ফেসবুক পেজ তৈরি করছে। এসবের মাধ্যমে সাধারণ মানুষকে ভুয়া ঋণের প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে এডিবির কোনো সম্পর্ক নেই।
এ অবস্থায়, এডিবির নামে আসা কোনো ঋণ বা আর্থিক সহায়তার প্রস্তাবে সাড়া না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি, এ ধরনের কোনো যোগাযোগ পেলে তা আইন প্রয়োগকারী সংস্থাকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
এডিবি জানায়, তারা বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন অংশীদার হিসেবে স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়ায় কাজ করে। তাই ব্যক্তি পর্যায়ে এডিবির প্রতিনিধি পরিচয়ে সরাসরি ঋণ বা আর্থিক সহায়তার প্রস্তাব দেওয়া হলে সেটিকে প্রতারণা হিসেবে বিবেচনা করতে হবে।

























