স্পেন-শাসিত সিউটায় গণঅনুপ্রবেশের পর গত ৩০ ঘণ্টায় প্রায় ৬৯ হাজার ৫০০ অভিবাসী মরক্কোতে ফিরে গেছেন। স্পেনের পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে। নতুন অনুপ্রবেশ ঠেকাতে বায়ুচালিত একটি ভাসমান প্রতিবন্ধক বসানোর কাজ শুরু হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, এই সংখ্যার মধ্যে সিউটায় প্রবেশ করা ব্যক্তিরাও থাকতে পারেন। কিছু অভিবাসী একাধিকবার সিউটায় প্রবেশ করে আবার মরক্কোতে ফিরে গেছেন বলেও ধারণা করা হচ্ছে।
শনিবার সিউটার তারাখাল সীমান্তের ব্রেকওয়াটারে নতুন নিরাপত্তা প্রতিবন্ধক স্থাপনের কাজ শুরু করেছে স্পেন। নতুন ব্যবস্থায় ৫০০ মিটার দীর্ঘ বায়ুচালিত একটি ভাসমান প্রতিবন্ধক বসানো হচ্ছে, যা পানির ওপর ৩০ থেকে ৭০ সেন্টিমিটার এবং পানির নিচে প্রায় এক মিটার পর্যন্ত বিস্তৃত থাকবে।
স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সীমান্ত টহলে নিয়োজিত সিভিল গার্ডের নৌযান চলাচলের জন্য একটি আলাদা পথ রাখা হয়েছে। গত বৃহস্পতিবারের গণঅনুপ্রবেশের পর অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা ঘোষণা করা হলে অনেকেই সীমান্তে ফিরে যান।
এদিকে, মরক্কো থেকে স্পেনে পৌঁছানোর চেষ্টাকালে অভিবাসীদের মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৭ জনে দাঁড়িয়েছে। সমুদ্রে আরও কয়েকজন ডুবে যাওয়ার শঙ্কা করা হচ্ছে।


























