এসএমই ফাউন্ডেশন ও দি এশিয়া ফাউন্ডেশনের বক্তারা দেশের ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তাদের প্রাতিষ্ঠানিক ঋণের আওতায় আনতে ডিজিটাল ঋণ প্রক্রিয়া চালু ও সহজীকরণের ওপর গুরুত্বারোপ করেছেন।
সোমবার (৩ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ‘ডিজিটাল পেমেন্ট সিস্টেম এবং ডিজিটাল ঋণ প্রক্রিয়াকরণের মাধ্যমে এসএমই ঋণ সহজীকরণ’ শীর্ষক সেমিনারে তারা এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ।
এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী বলেন, প্রযুক্তিনির্ভর উৎপাদন ও উদ্ভাবনী আর্থিক সেবার মাধ্যমে বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে আরও প্রতিযোগিতামূলক করতে হবে। তিনি সরকারের বিভিন্ন কর্মপরিকল্পনার কথা উল্লেখ করেন।
সেমিনারে জানানো হয়, সিএমএসএমই খাত দেশের অর্থনীতিতে প্রায় ৩০ শতাংশ অবদান রাখে, তবে ১ কোটি ১৭ লাখ উদ্যোক্তার মধ্যে মাত্র ৯ শতাংশ ব্যাংক ঋণ পান। বক্তারা বলেন, জামানতের অভাব ও জটিল ব্যাংকিং প্রক্রিয়ার কারণে অনেক উদ্যোক্তা অর্থায়ন থেকে বঞ্চিত হচ্ছেন।
এসএমই ফাউন্ডেশন ও দি এশিয়া ফাউন্ডেশন যৌথভাবে একটি প্রকল্প বাস্তবায়ন করছে, যার মাধ্যমে প্রযুক্তিনির্ভর অর্থায়ন ব্যবস্থা শক্তিশালী করা হবে। সেমিনারে ক্ষুদ্র উদ্যোক্তা, ব্যাংক ও ফিনটেক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।


























