জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে শুধুমাত্র নিয়ম রক্ষার নির্বাচন হিসেবে দেখছেন না। তিনি বলেন, বিরোধীদলীয় জোটের প্রার্থী মনোনয়ন দেওয়ার ফলে নির্বাচন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) নির্বাচন কমিশনে বিএনপি ও দলীয় জোটের পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন। এ সময় বিএনপির জ্যেষ্ঠ নেতা, মন্ত্রী, জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
নূরুল ইসলাম বলেন, “গণতন্ত্রের সৌন্দর্য হলো প্রতিদ্বন্দ্বিতা।” তিনি জানান, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করা হয়েছে।
চিফ হুইপ আরও বলেন, সংবিধান সংস্কারের বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তবে তিনি উল্লেখ করেন, সংবিধান নতুন করে লেখার প্রয়োজন নেই এবং প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে সংস্কার করা হবে।
তিনি বলেন, “আমরা একটি কমাও যদি পরিবর্তন করি, সেটাই হবে সংস্কার।” আগামী প্রজন্মের জন্য একটি কার্যকর ও টেকসই সাংবিধানিক কাঠামো নিশ্চিত করাই এর উদ্দেশ্য বলে জানান তিনি।


























