ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানের নাগরিকরা। দেশটির ৯১ শতাংশ মানুষ ভারতের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করেন। বিপরীতে মাত্র ৭ শতাংশ পাকিস্তানি ভারতকে ইতিবাচকভাবে দেখেন।
পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক জরিপে বিশ্বের ৩৬টি দেশের মানুষের ভারত সম্পর্কে মনোভাব উঠে এসেছে। জরিপে ভারত-পাকিস্তানের পারস্পরিক বৈরিতার বিষয়টিও উঠে আসে। এতে দেখা যায়, পাকিস্তানিরা ভারতকে সবচেয়ে বড় শত্রু হিসেবে মনে করেন। একইভাবে ভারতীয়দের কাছেও পাকিস্তান সবচেয়ে বড় শত্রু।
জরিপ অনুযায়ী, বাংলাদেশে ভারতের প্রতি ইতিবাচক মনোভাবও আগের তুলনায় কমেছে। ২০২৪ সালে বাংলাদেশের ৫৭ শতাংশ মানুষ ভারতকে পছন্দ করতেন, বর্তমানে এই হার কমে দাঁড়িয়েছে ৪২ শতাংশে। অর্থাৎ দুই বছরের ব্যবধানে ভারতে প্রতি ইতিবাচক মনোভাব ১৫ শতাংশীয় পয়েন্ট কমেছে।
ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কায় ভারতের প্রতি সবচেয়ে বেশি ইতিবাচক মনোভাব দেখা গেছে। দেশটির ৭৯ শতাংশ মানুষ ভারতকে পছন্দ করেন, বিপরীতে ১১ শতাংশের মনোভাব নেতিবাচক।
মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনিদের মধ্যে ভারতের প্রতি নেতিবাচক মনোভাব বেশি। পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের ১৮ শতাংশ মানুষ ভারতকে ইতিবাচকভাবে দেখেন, আর ৫৬ শতাংশের মনোভাব নেতিবাচক।


























