যুক্তরাষ্ট্রের টেক্সাসে মুসলিম সম্প্রদায়ের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে ডালাসের আশপাশে। ভালো শিক্ষা প্রতিষ্ঠান, সাশ্রয়ী আবাসন এবং শক্তিশালী মুসলিম সম্প্রদায়ের কারণে দেশটির বিভিন্ন অঞ্চল থেকে মুসলিম পরিবারগুলো সেখানে বসতি গড়েছে। ডালাস-ফোর্ট ওয়ার্থ এলাকায় গড়ে উঠেছে বেশ কয়েকটি মসজিদ ও ইসলামিক প্রতিষ্ঠান।
তবে মুসলিম সম্প্রদায়ের এই বিস্তারের সঙ্গে সঙ্গে অঙ্গরাজ্যটিতে ইসলামবিদ্বেষী বক্তব্য, সামাজিক বৈরিতা এবং রাজনৈতিক প্রচারণাও বৃদ্ধি পেয়েছে। জুনে টেক্সাস প্রথম মার্কিন অঙ্গরাজ্য হিসেবে সরকারি বিদ্যালয়ে প্রার্থনা ও বাইবেল পাঠ বাধ্যতামূলক করে। রিপাবলিকান রাজনৈতিক পরামর্শকেরা জানিয়েছেন, রাজ্যটির অনেক ভোটারের কাছে ইসলাম উদ্বেগের বিষয় হয়ে উঠেছে।
ডালাসে প্রায় ৩ লাখ থেকে ৫ লাখ মুসলিম বসবাস করেন, যা অঙ্গরাজ্যটির মোট জনসংখ্যার প্রায় এক থেকে দুই শতাংশ। অ্যাসোসিয়েশন অব রিলিজিয়ন ডেটা আর্কাইভসের তথ্য অনুযায়ী, ২০২০ সাল নাগাদ ডালাস-ফোর্ট ওয়ার্থের ৪টি বৃহত্তম কাউন্টিতে মসজিদের সংখ্যা প্রায় ৭৬টি।
মসজিদের মুসল্লিরা নামাজের সময় বৈরী মন্তব্যের মুখোমুখি হওয়ার কথা জানিয়েছেন। হিউস্টনের একটি ইসলামিক সেন্টারের বিরুদ্ধে সন্ত্রাসী হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
টেক্সাসের রিপাবলিকানরা ইসলামী সাংস্কৃতিক কার্যক্রম নিয়ন্ত্রণে আইন প্রণয়নের বিষয়টিও বিবেচনা করছেন। ইসলামিক ট্রাইব্যুনালের আইনজীবী মারিয়া কারি বলেছেন, এর নির্দেশনা সংবিধানের প্রথম সংশোধনীর মাধ্যমে সুরক্ষিত।


























