মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির পর বাংলাদেশি শ্রমিকের চাহিদা বাড়তে পারে। এ বিষয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানান প্রতিমন্ত্রী। মন্ত্রীর অনুপস্থিতিতে প্রশ্নের উত্তর দেন নুরুল হক।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বেলা তিনটায় প্রশ্নোত্তর টেবিলে এ বিষয়টি উত্থাপিত হয়।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি মালয়েশিয়া সফর করেছেন। এর ফলে অতি দ্রুত মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর পথ সুগম হবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া, গত অর্থবছরে চাকরির জন্য ৯ লাখ ৮৫ হাজার ১২০ জন বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে গেছেন, যার মধ্যে সৌদি আরবে ৬ লাখ ৪৬ হাজার ৬২ জন এবং কাতারে ৮৯ হাজার ২৩ জন গেছেন।

























