জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রশক্তির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে আহসান লাবিবকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার মামলার আসামি।
শামীম মোল্লা হত্যার ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন আহসান লাবিবসহ আট শিক্ষার্থী এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে মামলা করে। পরে শামীমের বড় ভাই শাহিন আলম ৯ অক্টোবর ঢাকার আদালতে আরেকটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে আহসান লাবিবসহ নয় শিক্ষার্থীকে আসামি করা হয়।
বুধবার (২ আগস্ট) জাতীয় ছাত্রশক্তির পঞ্চম সাধারণ সভায় সংগঠনের সভাপতি জাহিদ আহসান ব্যক্তিগত কারণে পদত্যাগ করেন। এরপর আহসান লাবিবকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।
হত্যা মামলার তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান বাপ্পী জানান, ‘মামলার তদন্ত চলছে।’
এ বিষয়ে আহসান লাবিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান বলেন, ‘এটা নিয়ে অনেকেই কথা বলছে। আইন ও আদালতই এর সঠিক বিচার করবে।’

























