জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য দ্রুততম সময়ের মধ্যে সংবিধান সংশোধনী বিল উত্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বৃহস্পতিবার জাতীয় সংসদে এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সংসদীয় কমিটির সভাপতিত্ব এবং অন্যান্য ন্যায্য হিস্যা পেতে বিরোধী দলগুলোকে সংবিধান সংশোধন কমিটিতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, 'আমরা বলেছি যে আপনারা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য এগিয়ে আসুন।'
মন্ত্রী আরও বলেন, 'জুলাই জাতীয় সনদ অনুসারে আসনের সংখ্যার অনুপাতে আপনারা স্থায়ী কমিটিগুলোতে সভাপতিত্ব পাবেন। তাই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধনী কমিটিতে আপনারা অংশগ্রহণ করুন।'
সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, 'আমরা এই ওয়াদা জাতীয় সংসদের এই ফ্লোরে দাঁড়িয়ে দিতে পারি। যত শিগগিরই সম্ভব আমরা সেই সংবিধান সংশোধনী বিল নিয়ে আসব, যাতে করে তা তাড়াতাড়ি কার্যকর করা যায় এবং সংসদের উচ্চকক্ষ স্থাপন করা যায়।'

























