বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, মির্জাপুর উপজেলা শাখা চলতি বছরের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ‘A+ সংবর্ধনা–২০২৬’ প্রদান করেছে। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) বিকেলে পৌর সদরের পৌর প্রত্যাশা কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবির মির্জাপুর উপজেলা শাখার সভাপতি মোঃ আরাফাত হোসাইন। সঞ্চালনা করেন সেক্রেটারি মোঃ মোজাহিদ মিয়া। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও গাজীপুর মহানগর সভাপতি ইয়াসিন আরাফাত।
প্রধান অতিথি ইয়াসিন আরাফাত বলেন, “আজকের মেধা ও নৈতিকতার এই অনন্য সমন্বয়ই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে।” তিনি শিক্ষার্থীদের দেশপ্রেম, সৎ চরিত্র ও ইসলামী মূল্যবোধে বলীয়ান হয়ে নিজেদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ডাঃ তাসনিম হোসাইন। তিনি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতির জন্য দিকনির্দেশনা প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার এরশাদ আহমদ, আলমাস হোসাইন এবং মির্জাপুর উপজেলা শাখার সাবেক সভাপতি মেরাজ মিয়া। অতিথিরা কৃতী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক ও পুরস্কার তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন। অনুষ্ঠানের সমাপ্তি সভাপতির সমাপনী বক্তব্য ও মোনাজাতের মাধ্যমে ঘটে।
























