সরকার কৃষকদের জন্য সার বিতরণ ব্যবস্থায় ডিলারদের প্রণোদনা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ইউরিয়া, ডিএপি, টিএসপি ও এমওপি সারের জন্য ডিলার পর্যায়ে কমিশন কেজি প্রতি ৩ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে কৃষক পর্যায়ের বিক্রয়মূল্য অপরিবর্তিত থাকবে। এই নতুন কমিশন হার আগামী ১ জুলাই ২০২৭ থেকে কার্যকর হবে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে সম্প্রতি জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। সেখানে উল্লেখ করা হয়, কৃষি উৎপাদনে সারের সরবরাহ ও বাজার ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে এবং ডিলার পর্যায়ে বিতরণ কার্যক্রমে উৎসাহ বাড়ানোর লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ইউরিয়া সারের ডিলার পর্যায়ের দাম প্রতি কেজি ২৫ টাকা থেকে কমিয়ে ২৪ টাকা করা হয়েছে, কিন্তু কৃষক পর্যায়ে এর বিক্রয়মূল্য ২৭ টাকা অপরিবর্তিত থাকবে। ডিএপি সারের দাম ১৯ টাকা থেকে কমিয়ে ১৮ টাকা করা হলেও কৃষক পর্যায়ের দাম ২১ টাকা অপরিবর্তিত থাকবে।
এছাড়া, টিএসপি সারের ডিলার পর্যায়ের দাম ২৫ টাকা থেকে কমিয়ে ২৪ টাকা করা হয়েছে, কৃষক পর্যায়ের বিক্রয়মূল্য ২৭ টাকা অপরিবর্তিত রয়েছে। এমওপি সারের ডিলার পর্যায়ের দাম ১৮ টাকা থেকে কমিয়ে ১৭ টাকা করা হয়েছে, তবে কৃষক পর্যায়ে এর বিক্রয়মূল্য ২০ টাকা অপরিবর্তিত থাকবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে। সরকারের এই নতুন সিদ্ধান্তে কৃষকদের সারের জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে না এবং তারা বিদ্যমান মূল্যেই সার কিনতে পারবেন।


























