সরবরাহ চেইন স্বাভাবিক রেখে বাজার নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি শনিবার (২৬ সেপ্টেম্বর) সিলেটের একটি কনভেনশন হলে ব্যবসায়ী সমিতির অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সরকার জ্বালানির দাম সমন্বয় করতে বাধ্য হয়েছে। তবে, বাজারে অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। ট্রেড লাইসেন্স সহজীকরণ এবং যোগাযোগব্যবস্থার উন্নয়নসহ ব্যবসায়ীদের জন্য সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা জানান তিনি।
এছাড়া, খন্দকার আব্দুল মুক্তাদির উল্লেখ করেন, ২০২৯ সালের মাঝামাঝি সময়ের মধ্যে সিলেট-ঢাকা ছয় লেন সড়ক চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত হবে।
অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, জেলা পরিষদের প্রশাসকসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।


























