নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নে জামায়াতে ইসলামীর দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে বিরোধ প্রকাশ্যে উত্তেজনার সৃষ্টি করেছে। সাবেক চেয়ারম্যান প্রার্থী মো. হাফিজুল ইসলাম হাফিজ অভিযোগ করেছেন, বর্তমান চেয়ারম্যান প্রার্থী মো. মসিউর রহমান তার ওপর হামলা ও নির্যাতনের চেষ্টা করেছেন।
শনিবার (২৯ আগস্ট) রাত ৯টার দিকে ডিমলার ডাঙ্গারহাট বাজারে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, মসিউর রহমানের ভাই এবং ছাত্রলীগের ওয়ার্ড সভাপতি লিটনসহ ১০-১২ জন নেতাকর্মী হাফিজ নিজামীকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে হাফিজ নিজামীকে একটি ফার্মেসিতে নিরাপদে রাখা হয়।
স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীদের মতে, একটি ক্রীড়া প্রতিযোগিতার অতিথি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার পর মসিউর রহমানের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। এ ঘটনার পর মসিউর রহমান হাফিজ নিজামীকে হুমকি দেন এবং তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়।
হাফিজ নিজামীর অভিযোগ, মসিউর রহমান ও তার সহযোগীরা তাকে গালমন্দ করেন এবং হামলার চেষ্টা চালান। এ ঘটনার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে বিষয়টি তুলে ধরেন। স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে মসিউর রহমানসহ তার অনুসারীদের সরিয়ে দেন।
মো. মসিউর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, “সাধারণ লোক উনার ওপর চড়াও হয়েছে। আমি ঘটনাস্থলে নেই।” অন্যদিকে, হাফিজ নিজামী বলেন, “মসিউর রহমান ও তার ভাই ছাত্রলীগ নেতা লিটনের নেতৃত্বে আমার ওপর হামলা ও নির্যাতনের চেষ্টা করেছেন।” এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা বা আইনগত পদক্ষেপের তথ্য পাওয়া যায়নি।

























