কুমিল্লার বুড়িচংয়ে যুবলীগ নেতা নজরুল ইসলাম বাড়িতে সারের গুদাম দেখিয়ে সারের ডিলারশিপ পেয়েছেন। এ ঘটনায় বিএনপির ত্যাগী ও তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
বিএনপির তৃণমূল নেতাকর্মীরা অভিযোগ করেছেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করে তারা ডিলারশিপ পাননি। যুবলীগ নেতার নাম দেখে তারা হতবাক হয়েছেন।
তারা দাবি করেছেন, যুবলীগ নেতা নজরুল ইসলামের ডিলার বাতিল করে বিএনপির যেসকল ত্যাগী নেতাকর্মী আবেদন করেছেন, তাদেরকে ডিলারশিপ দিতে হবে।
স্থানীয়রা জানিয়েছেন, নজরুল ইসলামের গুদামের ঠিকানা অজপাড়াগাঁয়ে, যেখানে যানবাহন চলাচল খুবই দুষ্কর। ডিলারশিপ পাওয়ার পরপরই তিনি গুদাম বর্ধিত করার কাজ শুরু করেছেন। সাধারণ মানুষের প্রশ্ন, তার গুদাম পরিদর্শন কে করল এবং অজপাড়াগাঁয়ের সেই গুদাম কীভাবে অনুমোদন পেল?
এ বিষয়ে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট শরিফুল ইসলাম বলেছেন, যুবলীগ নেতার সঙ্গে সাবেক আওয়ামী লীগ এমপি হাসেম খানের ছবি রয়েছে।
বুড়িচং উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার জানিয়েছেন, কৃষি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে সারের ডিলারশিপ বর্তমানে স্থগিত করা হয়েছে।


























