শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই বিতরণ ২০২৭ সাল পর্যন্ত গড়াবে না। চলতি ২০২৬ সালের মধ্যেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া হবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, বই বিতরণ ২০২৭ সাল পর্যন্ত যাবে না, ২০২৬ সালের মধ্যেই সম্পন্ন হবে। বইয়ের গুণগত মানের ক্ষেত্রে কোনো আপস করা হবে না এবং সুন্দর বই কোমলমতি শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে।
নতুন শিক্ষাক্রমে চারটি নতুন বই যুক্ত করার বিষয়ে তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় এসব বই তৈরি করা হয়েছে। এর মধ্যে চতুর্থ শ্রেণির জন্য ‘সংস্কৃতি ও খেলাধুলা’, ষষ্ঠ শ্রেণির জন্য ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ এবং ‘আমার কারিগরি শিক্ষা’ অন্তর্ভুক্ত রয়েছে।
অনুষ্ঠানে মাওলানা ভাসানীর জীবন ও আদর্শের গুরুত্ব তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, তিনি একজন অনুকরণীয় ব্যক্তিত্ব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তার আদর্শ থেকে শিক্ষা নিতে পারেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং অন্যান্য অতিথিরা।


























