বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার (২৮ অক্টোবর) গাজীপুরের মূল ক্যাম্পাসে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে শিক্ষার সুযোগ সম্প্রসারণ, প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম জোরদার, গবেষণার প্রসার এবং জীবনব্যাপী শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, বাউবির উদ্দেশ্য শুধু সনদ প্রদান নয়, বরং শিক্ষার সুযোগবঞ্চিত মানুষের সুপ্ত প্রতিভা বিকাশ এবং জীবনব্যাপী শিক্ষার সুযোগ নিশ্চিত করা। তিনি বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিনির্ভর, কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে বাউবির বিভিন্ন প্রোগ্রামে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ৯ জন শিক্ষার্থীকে প্রথমবারের মতো ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এছাড়া, স্নাতকোত্তর পর্যায়ের তৃতীয় লিঙ্গের একজন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


























