কুমিল্লা শিক্ষাবোর্ডের মূলফটক বন্ধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। তারা চলতি এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবিতে এ কর্মসূচি পালন করেন।
মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর কান্দিরপাড় পূবালী চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। পরে তারা শিক্ষাবোর্ডের সামনে অবস্থান নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দেন।
কুমিল্লার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুমিল্লা সচেতন শিক্ষার্থী সমাজের ব্যানারে আয়োজিত এই বিক্ষোভে অংশ নেন। তারা নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শিক্ষার্থীরা বলেন, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় এবং গণপরিবহন সংকটের কারণে নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো অনিশ্চিত হয়ে পড়েছে।
তারা দাবি করেন, এমন পরিস্থিতিতে পরীক্ষা অনুষ্ঠিত হলে অনেক শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ হারাবেন। শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন বলেও অভিযোগ করেন তারা।
বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা শিক্ষাবোর্ডের মূলফটক বন্ধ করে দেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতোয়ালি থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। কুমিল্লা শিক্ষাবোর্ডের সচিব মো. জাহাঙ্গীর আলম শিক্ষার্থীদের দাবি সম্পর্কে জানান, যতটুকু সম্ভব তাদের আশ্বস্ত করা হবে।

























