কুমিল্লার বুড়িচং উপজেলায় ৯ বছরের এক ছেলে শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায় এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৫ জুলাই) জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হান্নান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত যুবক বুড়িচং উপজেলার পূর্ণমতি গ্রামের হারুনুর রশীদের ছেলে।
আদালত ও মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর বুড়িচং উপজেলার পূর্ণমতি গ্রামের চা দোকানি আক্কাস মিয়ার ছেলে মো. ইয়াসিন (৯) নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে পরদিন আক্কাস মিয়া বুড়িচং থানায় একটি নিখোঁজের ডায়েরি করেন। চার দিন পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে ইয়াসিনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
৬ অক্টোবর বিল্লাল হোসেন ও অজ্ঞাতদের আসামি করে বুড়িচং থানায় হত্যা মামলা দায়ের করা হয়। কুমিল্লা আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট বদিউল আলম সুজন জানান, আসামির বিরুদ্ধে মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
এ রায়ের বিরুদ্ধে আগামী ৭ কার্যদিবসের মধ্যে উচ্চ আদালতে আপিল করা যাবে বলে উল্লেখ করা হয়েছে। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন এবং পরে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তদন্তে শিশুটিকে ধর্ষণের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

























