কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধে আবারও তীব্র ভাঙন দেখা দিয়েছে। উপজেলার কাঁচকোল সড়কটারী এলাকায় দুই সপ্তাহের ব্যবধানে একই স্থানে ৪০ মিটার জায়গায় ভাঙন শুরু হয়েছে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।
জানা গেছে, ব্রহ্মপুত্র নদের ভাঙন থেকে চিলমারীকে রক্ষার জন্য প্রায় সাড়ে ৪০০ কোটি টাকা ব্যয়ে ডান তীর রক্ষা প্রকল্পের আওতায় ব্লক ডাম্পিং ও পিচিং কাজ করা হয়। প্রকল্পের আওতায় রাণীগঞ্জ ইউনিয়নের ফকিরেরহাট এলাকা থেকে রমনা ইউনিয়নের জোড়গাছহাট বাজার পর্যন্ত কাজ সম্পন্ন হয়।
স্থানীয়রা অভিযোগ করেছেন, ২০১৮ সাল থেকে বিভিন্ন স্থানে ভাঙনের ঘটনা ঘটলেও পানি উন্নয়ন বোর্ড স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ গ্রহণ করেনি। ফলে প্রতি বর্ষা মৌসুমে তারা আতঙ্কে থাকতে বাধ্য হচ্ছেন।
কাঁচকোল সড়কটারী এলাকার বাসিন্দারা জানান, ডানতীর রক্ষা বাঁধ নির্মাণের পর কিছুটা সুরক্ষা পেলেও বারবার ধসের কারণে তারা আবারও উদ্বিগ্ন। স্থানীয়রা দাবি করেন, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে তাদের বসতভিটা ও ফসলি জমি রক্ষা করা কঠিন হয়ে পড়বে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসান জানিয়েছেন, তিনি ঘটনাস্থলে যাননি, তবে সংশ্লিষ্ট কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছেন। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান জানিয়েছেন, জরুরি ভিত্তিতে ১২ হাজার জিওব্যাগ বরাদ্দ পাওয়া গেছে এবং মেরামতের কাজ শুরু হয়েছে।


























