কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার না পাওয়ার আশঙ্কায় কৃষকেরা বিএডিসির এক সার ডিলারের গুদামের টিনের বেড়া ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেছেন। রোববার (২৩ আগস্ট) দুপুরে শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ৩৩ জন কৃষক ৩৩ বস্তা সার ফেরত দেন। বাকি সার উদ্ধারের চেষ্টা চলছে। জানা গেছে, শিলখুড়ি ইউনিয়নের বিসিআইসির অনুমোদিত সার ডিলার মেসার্স শাহ আমানত এন্টারপ্রাইজে সার বিতরণের প্রস্তুতি চলছিল। তবে সার বিতরণে বিলম্ব এবং অতিরিক্ত মানুষের উপস্থিতির কারণে কৃষকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।
ভূরুঙ্গামারী থানার ওসি আজিমুদ্দিন জানান, ওই ইউনিয়নে সারের চাহিদা প্রায় চার হাজার বস্তা হলেও বরাদ্দ ছিল ১ হাজার ৩২০ বস্তা। তিনি বলেন, সার না পাওয়ার আশঙ্কা থেকেই কৃষকেরা গুদাম থেকে সার নিয়ে যান।
মেসার্স শাহ আমানত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী তাইফুর রহমান মুকুল বলেন, দুপুরে সার বিতরণের প্রস্তুতি চলছিল। এ সময় কয়েকজন ব্যক্তি এসে তাকে অবরুদ্ধ করেন এবং পরে গুদাম থেকে সার নিয়ে যান। তিনি জানান, সার নিয়ে যাওয়ার ঘটনায় মামলা করা হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার বলেন, আগস্ট মাসে ভূরুঙ্গামারী উপজেলায় ইউরিয়া সারের চাহিদা ছিল ৬৮০ মেট্রিক টন এবং সেই পরিমাণ সার বরাদ্দ পাওয়া গেছে। তিনি বলেন, কৃষকদের মধ্যে আতঙ্ক তৈরি হওয়ায় এ ধরনের ঘটনা ঘটেছে।
ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ জানান, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী, কৃষি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে সার বিতরণ চলছিল। তিনি বলেন, ইতিমধ্যে কিছু সার উদ্ধার করা সম্ভব হয়েছে এবং বাকি সার উদ্ধারের চেষ্টা চলছে।


























