জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানিয়েছেন, বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও তিনি বর্তমান সরকারের প্রতি সমর্থন ও শ্রদ্ধা প্রকাশ করেছেন।
গুরুতর স্বাস্থ্যগত কারণে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি শুক্রবার এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
স্পিকার বলেন, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র আজ বিকাল ৫টা ১ মিনিটে দাখিল করেছেন। সংবিধানের ৫০ অনুচ্ছেদের দফা ৩ অনুযায়ী তিনি পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং জাতীয় সংসদ সচিবালয়ের রেকর্ডে সংরক্ষণ করা হবে।
হাফিজ উদ্দিন আহমদ জানান, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন গুরুতর অসুস্থ। তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন। রাষ্ট্রপতির স্বাস্থ্য পরীক্ষায় অটোনমিক নিউরোপ্যাথি রোগ শনাক্ত হয়েছে, যা মাঝে মাঝে অচেতন হয়ে পড়ার কারণ।
স্পিকার বলেন, এসব শারীরিক-মানসিক সমস্যার কারণে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। তিনি বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করেন এবং উল্লেখ করেন যে, সাহাবুদ্দিন সবসময় বর্তমান সরকারের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেছেন।

























