বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে পরবর্তী রাষ্ট্রপতির নাম নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২৫ জুলাই) দুপুর ১২টায় বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে বার্ষিক পরিকল্পনা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
রাষ্ট্রপতি পদে দলের অভ্যন্তরীণ বা বাইরের প্রার্থী নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি মির্জা ফখরুল। রাষ্ট্রপতি হিসেবে তার নাম শোনা যাচ্ছে কিনা এবং তিনি এ পদে আগ্রহী কি না, এ বিষয়ে তিনি কোনো উত্তর দেননি।
বার্ষিক পরিকল্পনা সম্মেলনে সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাম্মদ শওকত রশীদ চৌধুরী। এ অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য জি এম সিরাজ, মোশারফ হোসেন, সুরাইয়া জেরিন রনি, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. রফিকুল মোহামেদ, পরিচালনা পর্ষদের সদস্যরা ও পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড. আবদুল মজিদ প্রামানিক বক্তব্য রাখেন।


























