জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের বারান্দায় কালেমা খচিত পতাকা টানানোর ঘটনায় এক শিক্ষার্থীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। অভিযুক্ত শিক্ষার্থী আরিফ হাসনাত শামীম, যিনি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ৫৩ তম ব্যাচের ছাত্র এবং একই হলের আবাসিক শিক্ষার্থী।
হল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৭ জুন ২০২৬ তারিখে হলের ৩য় তলার ‘এ’ ব্লকের ৩০২ নম্বর কক্ষের বারান্দায় পতাকাটি টানানো হয়েছিল। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
হল প্রশাসন উল্লেখ করেছে, আরিফ হাসনাত শামীম এই ঘটনার দায় এড়াতে পারেন না। তাকে আগামী ৫ জুলাই ২০২৬ তারিখ সকাল ১০টার মধ্যে হলের অফিসে লিখিত বক্তব্য দাখিল করার জন্য বলা হয়েছে।
কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, তারা ঘটনার বিষয়ে অবগত হওয়ার পর দ্রুত ব্যবস্থা নিয়েছেন। তিনি বলেন, “এটি তালেবান নাকি কালেমা খচিত, সেটা তদন্ত কমিটি দেখবে। প্রশাসন থেকে আমাদের বলা হয়েছে এটি কালেমা।”


























