গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, জুলাই যোদ্ধারা চব্বিশের গণঅভ্যুত্থানে জীবন বাজি রেখে বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছেন। তিনি শনিবার (৮ আগস্ট) কুমিল্লা টাউন হল ময়দানে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ‘এই কথাটি শুধু মুখে না বলে আমাদের সবাইকে কর্মে ও অন্তরে ধারণ করতে হবে। জুলাই আন্দোলনকারীরা সুন্দর বাংলাদেশ প্রত্যাশা করেছিলেন। আমরা চাই এমন বাংলাদেশ গড়ে তাদের প্রত্যাশা পূরণ করতে।’
তিনি শহীদ পরিবারদের আশ্বস্ত করে বলেন, আমার মন্ত্রণালয় থেকে যে ধরনের সুযোগ-সুবিধা অন্যান্য শহীদ পরিবাররা পাবে, ইনশাল্লাহ আপনারাও সেটা পাবেন। সরকার ঘোষিত যে কোনো ধরনের সুযোগ-সুবিধা যদি শহীদ পরিবার না পেয়ে থাকে, তাহলে যোগাযোগ করবেন; আমরা সঠিক প্রাপ্য বুঝিয়ে দেব।
গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু। সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, সাবেরা আলাউদ্দিন হেনা, অ্যাডভোকেট কাইমুল হক রিংকু, আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, রেজাউল কাইউম, অ্যাডভোকেট আখতার হোসাইন, এবং সাকিব হুসাইন।


























