মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খান আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার আইসড়া উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বলেন, ‘বর্তমান সরকার শূন্য হাতে ক্ষমতায় এসেছে। একেবারে শূন্য হাতে। হাসিনা এই দেশের অর্থনীতিকে লুট করে একেবারে শূন্যের পর্যায়ে নিয়ে গিয়েছিল।’
মন্ত্রী আরও জানান, ‘ড. ইউনূস প্রায় ১৮ মাস ধরে অর্থনৈতিক পরিস্থিতি উন্নত করতে পারেননি। শেষ মাসে বেতন দেওয়ার বিষয়েও চিন্তায় ছিলেন।’ তিনি বলেন, ‘এমন পরিস্থিতির মধ্যেও সরকার গঠন করা হয়েছে এবং প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করতে যাচ্ছেন।’
আহমেদ আযম খান বলেন, ‘ফ্যামিলি কার্ড যাতে প্রত্যেক পরিবারের গৃহিণী মা পান, সেজন্য তথ্য সংগ্রহের জন্য একটি টিম গঠন করা হয়েছে। আগামী ২-৩ মাসের মধ্যে এই কার্ড বিতরণ শুরু হবে।’
মন্ত্রী বিরোধীদলকে উদ্দেশ্য করে বলেন, ‘শান্ত থাকুন এবং দায়িত্বশীল ভূমিকা পালন করুন। জ্বালাও-পোড়াও করে ফ্যাসিবাদের চরিত্রে যাবেন না।’ তিনি আরও বলেন, ‘জনগণ ৩০০ আসনের মধ্যে সোয়া ২০০ আসনে বিএনপিকে ভোট দিয়েছে।’
তিনি বলেন, ‘আমরা কোনো সিলের নির্বাচন বা জোর জবরদস্তি শাসন দেখতে চাই না।’





















