জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৪ আগস্ট সংঘর্ষের ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি এবং রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করতে সমঝোতা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় অংশগ্রহণকারীরা মত ও পথের ভিন্নতা থাকা সত্ত্বেও অন্যের মতপ্রকাশের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল থাকার ওপর গুরুত্বারোপ করেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) পক্ষ থেকে ১৫ দফা প্রস্তাব উপস্থাপন করা হয়, যার ভিত্তিতে শিক্ষার্থীদের জন্য একটি সর্বজনীন ‘কোড অব কন্ডাক্ট’ প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় ৪ আগস্টের ঘটনার প্রেক্ষাপট ও পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা বিশ্ববিদ্যালয়ে সব মত ও সংগঠনের পারস্পরিক সহাবস্থানের রাজনীতি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। উপাচার্য বলেন, কোড অব কন্ডাক্ট ভবিষ্যতে ক্যাম্পাসে ছাত্রসংগঠনগুলোর কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নির্দেশিকা হিসেবে কাজ করবে।
সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, সংসদ সদস্য এবং ছাত্রসংগঠনের নেতারা। ৪ আগস্টের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন, যাদের মধ্যে অনেককে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হয়।
উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন বলেন, মত ও সংগঠন যার যার, জবি পরিবার আমার, সবার—এই চেতনা ধারণ করে বিশ্ববিদ্যালয়ের সব সংগঠনকে সৌহার্দ্য ও দায়িত্বশীলতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করতে হবে।


























