ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের অনুষ্ঠানে খাসি না পাওয়ায় বিয়ে না করেই ফিরে গেছেন জাপান প্রবাসী বর জুনায়েদ। সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার ধরখার ইউনিয়নের তোলাতালা গ্রামে এ ঘটনা ঘটে।
বর জুনায়েদ কসবা উপজেলার নিয়ামতপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। বিয়ের আনুষ্ঠানিকতা উপলক্ষে তিনি কনের বাড়িতে পৌঁছালে ফুল দিয়ে তাকে বরণ করা হয়। তবে তিনি উপস্থিত লোকজনের সামনে অসন্তোষ প্রকাশ করেন বলে জানা গেছে।
বিয়ের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে বরপক্ষের জন্য খদরে খাবার পরিবেশন করা হয়। এ সময় খদরে খাসি না থাকায় জুনায়েদ আপত্তি জানান এবং খাসি ছাড়া বিয়ের আনুষ্ঠানিকতা করবেন না বলে জানান।
কনেপক্ষের আত্মীয়-স্বজনসহ উপস্থিত অনেকেই তাকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু তিনি সিদ্ধান্তে অনড় থাকেন। শেষ পর্যন্ত বিয়ে না করেই তিনি কনের বাড়ি থেকে ফিরে যান।
কনের বাবা শফিক মিয়া বলেন, ‘আমাকে আগে জানানো হলে খদরে খাসির ব্যবস্থা করতাম। এ বিষয়ে আমাকে আগে কিছুই বলা হয়নি।’ স্থানীয় ইউপি সদস্য আশিক মিয়া বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। তবে ছেলেটির কথাবার্তা কিছুটা অস্বাভাবিক মনে হয়েছে।’

























