বরিশালে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার রোধে একটি পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বরিশালের হাতেম আলী কলেজের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর নেতৃত্বে আয়োজিত এ অভিযানে স্থানীয় নেতাকর্মী, স্বেচ্ছাসেবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচির মূল লক্ষ্য ছিল ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা।
হাতেম আলী কলেজ, চৌমাথা বাজার ও আশপাশের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা অপসারণ করা হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা নিজেদের এলাকা পরিষ্কার রাখার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান।
রহমাতুল্লাহ বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সম্মিলিত অংশগ্রহণ জরুরি। পরিচ্ছন্ন ও মশকমুক্ত বরিশাল গড়তে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

























