নেত্রকোনার দুর্গাপুর উপজেলার প্রবীণ মন্নাস আলীর শরীর থেকে ৫৫ বছর পর পাকিস্তানি হানাদার বাহিনীর ছোড়া একটি গুলি অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই অস্ত্রোপচার সম্পন্ন হয়।
৭৫ বছর বয়সী মন্নাস আলী গাঁওকান্দিয়া ইউনিয়নের হরিয়াউন্দ গ্রামে বসবাস করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী তার গ্রামে হামলা চালায় এবং তিনি আহত হন। গুলি তার পেটে বিদ্ধ হয়, কিন্তু অর্থনৈতিক কারণে তিনি দীর্ঘদিন চিকিৎসা করাতে পারেননি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার শারীরিক অবস্থার বিষয়টি আলোচনায় আসলে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। আবাসিক মেডিকেল অফিসার ডা. তানজিরুল ইসলাম রায়হানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল প্রায় ৩০ মিনিটে সফলভাবে গুলিটি অপসারণ করে।
মন্নাস আলী বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং তিনি দীর্ঘদিনের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন। চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচার সফল হয়েছে এবং তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।


























